উজিরপুরে তরুণদের নিয়ে সাকরাল প্রিমিয়ার লীগ (SPL)-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করা এবং মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখার প্রত্যয়ে এ আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। বিশেষ অতিথি ছিলেন এস এম আলাউদ্দিন, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য এবং মো. মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোহাম্মদ ইব্রাহীম সাহেব, অধ্যক্ষ, সাকরাল আলিম মাদ্রাসা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী সুজা বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুন্দর সমাজ গড়তে তরুণদের মাঠমুখী করা প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণ তৈরি করে।”
বিশেষ অতিথি এস এম আলাউদ্দিন বলেন, “তরুণ সমাজই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা ও শক্তিকে ইতিবাচক খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে।”
অপর বিশেষ অতিথি মো. মনিরুজ্জামান মনির বলেন, “একটি মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি তরুণদের গড়ে ওঠার জায়গা। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন আরও বাড়ানো প্রয়োজন, যাতে নতুন খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ পায়।”
সভাপতির বক্তব্যে মো. মোহাম্মদ ইব্রাহীম সাহেব বলেন, “সাকরাল প্রিমিয়ার লীগের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও আমরা সবাই মিলে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে চাই।”
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মধ্য সাকরাল একতা তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়াই তাদের মূল লক্ষ্য।