ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি প্রতিনিধিদল। রোববার ঢাকায় এসে স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন তারা।
ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, তা যাচাই করতেই প্রতিনিধিদলটি স্টেডিয়াম পরিদর্শন করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্টেডিয়ামের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ব্রাজিলের প্রতিনিধিদল।
তিনি বলেন, ব্রাজিল চাইলে ভবিষ্যতে অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচের জন্য ঢাকাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে। বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানাবে তারা।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ওই ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ারা ঢাকায় এসে অনুশীলন করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ইকবাল হোসেন জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
ব্রাজিলের প্রতিনিধিদলটি ভারত থেকে ঢাকায় আসে এবং রোববার রাতেই তাদের ফিরে যাওয়ার কথা রয়েছে।
ইকবাল হোসেন জানান, জাতীয় স্টেডিয়ামের বাকি সংস্কারকাজ দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা প্রতিনিধিদলকে জানানো হয়েছে। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর ব্রাজিলের প্রতিনিধিরা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন।
২০১১ সালে ঢাকার মাঠে খেলেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা দল। এবার ব্রাজিলের প্রতিনিধিদলের স্টেডিয়াম পরিদর্শনের মধ্য দিয়ে ভবিষ্যতে ব্রাজিল দলকেও ঢাকায় খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।