প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৪৫০ বলের দুর্দান্ত ইনিংসে অপরাজিত ৩০০ রান পূর্ণ করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে চোখধাঁধানো ব্যাটিংয়ে এই মাইলফলক স্পর্শ করেন হৃদয়। তার অসাধারণ ইনিংস বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করেছে।
হৃদয়ের এই কীর্তির সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক সেনওয়েস পার্কও। ২০২০ সালে এই মাঠেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তাওহীদ হৃদয়। ছয় বছর পর একই মাঠে এবার বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি।
এই ইনিংসের পথে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের করে নেন হৃদয়। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের ইনিংস খেলেছিলেন। এত দিন সেটিই ছিল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ম্যাচের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেই রেকর্ড ছাড়িয়ে যান হৃদয়।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় ট্রিপল সেঞ্চুরি। এর আগে তামিম ইকবাল ৩৩৪ রানে অপরাজিত ছিলেন এবং রাকিবুল হাসান ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন।
তবে তামিম ও রাকিবুলের ট্রিপল সেঞ্চুরি ছিল দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে। হৃদয়ের কীর্তির বিশেষত্ব হলো, বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।