বিপিএলের ক্ষতি পোষাতে জনপ্রতি ৩০ লাখ টাকার প্রস্তাব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০
বিপিএলের ক্ষতি পোষাতে জনপ্রতি ৩০ লাখ টাকার প্রস্তাব



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর আয়োজন না করার ক্ষতিপূরণ হিসেবে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ক্রিকেটাররা। এতে প্রতিটি ক্রিকেটারকে অতিরিক্ত প্রায় ৩০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়ার দাবি করা হয়েছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বর্তমানে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের সংস্করণ, বিসিএল ওয়ানডে এবং এনসিএল টি-টোয়েন্টি—এই চারটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার ম্যাচ ফি বাড়িয়ে ক্রিকেটারদের সারা বছর আর্থিকভাবে স্বচ্ছল রাখার লক্ষ্যেই প্রস্তাবটি দেওয়া হয়েছে।


ক্রিকেটারদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, বাড়তি সুবিধা শুধু একটি মৌসুমের জন্য নয়, ভবিষ্যতেও কার্যকর রাখা হোক। প্রথম শ্রেণির দুই টুর্নামেন্টে সর্বশেষ ম্যাচ ফি ২৫ হাজার টাকা বাড়িয়ে ৭৫ হাজার থেকে এক লাখ টাকা করা হয়েছিল।


এদিকে বিসিএলের দুটি টুর্নামেন্টে নতুন কাঠামোর অধীনে দলসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে ক্রিকেটারের সংখ্যাও বাড়বে। বেশি সংখ্যক ক্রিকেটারকে কীভাবে আর্থিকভাবে উপকৃত করা যায়, সেটিই বোর্ডের সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন খেলোয়াড়রা।


ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ভবিষ্যতে ১৫০ থেকে ২০০ ক্রিকেটারকে আর্থিকভাবে উপকৃত করাই তাঁদের লক্ষ্য। টুর্নামেন্টগুলোর ম্যাচ ফি সম্মানজনক পর্যায়ে নেওয়ার মাধ্যমে একজন খেলোয়াড় যেন সারা বছর স্বচ্ছলভাবে চলতে পারেন, সেটি নিশ্চিত করতে চান তারা। এ বিষয়ে বিসিবি ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান তিনি।


ক্রিকেটারদের প্রস্তাব বাস্তবায়ন হলে বিসিবির ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তবে বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বোর্ড।


বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ক্রিকেটাররা দাবি না জানালেও তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা বোর্ডের ছিল। তাঁর লক্ষ্য, ঘরোয়া টুর্নামেন্ট খেলেই একজন ক্রিকেটার যেন বছরে ২০ থেকে ২৫ লাখ টাকা আয় করতে পারেন।


তিনি আরও বলেন, পুরনো কয়েকটি টুর্নামেন্টকে একটি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। সেই কাঠামো বাস্তবায়িত হলে ক্রিকেটারদের আর্থিক সুবিধা বাড়ানো সম্ভব হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, তিনটি টুর্নামেন্ট থেকে ১৫ কোটি টাকা আয় হলে ক্রিকেটারদের জন্য পাঁচ কোটি টাকা ব্যয় করতেও সমস্যা হবে না।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য