শেষ বিশ্বকাপের ফাইনালে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়তে চান কোহলি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬
শেষ বিশ্বকাপের ফাইনালে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়তে চান কোহলি


২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত রান তাড়া করছে। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন বিরাট কোহলি—নিজের শেষ বিশ্বকাপ ঘিরে এমনই স্বপ্ন দেখছেন ভারতের তারকা ব্যাটার। তবে ব্যক্তিগত সেই স্বপ্ন পূরণ না হলেও ভারত শিরোপা জিতলেই খুশি হবেন তিনি।


জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে নিজের লক্ষ্য, ম্যাচ জেতানোর আকাঙ্ক্ষা এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনার বিষয়ে কথা বলেছেন কোহলি।


ভারতের হয়ে ম্যাচ জেতানোর ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, প্রতিটি ম্যাচেই দলের জয়ে প্রধান ভূমিকা রাখতে চান। ক্যারিয়ারের এই পর্যায়েও সেই আকাঙ্ক্ষা তাঁর মধ্যে আগের মতোই রয়েছে।


বিশ্বকাপে যত বেশি সম্ভব ম্যাচে অবদান রাখাই লক্ষ্য কোহলির। তাঁর ভাষায়, দলের ৬০ থেকে ৭০ শতাংশ ম্যাচের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলে সেটি হবে অসাধারণ অর্জন।


তবে সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপের ফাইনাল ঘিরে। কোহলি বলেন, ফাইনালে রান তাড়া করে ম্যাচ জেতানো একটি ইনিংস খেলতে চান তিনি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জয় এনে দিতে পারলে সেটিই হবে তাঁর কাছে আদর্শ পরিস্থিতি। তবে সেটি সম্ভব না হলেও ভারত বিশ্বকাপ জিতলে তিনি সন্তুষ্ট থাকবেন।


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭৬৫ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন কোহলি। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি ভারতের।


৩৭ বছর বয়সী এই ব্যাটার জানিয়েছেন, ২০২৭ আসরই হবে তাঁর শেষ বিশ্বকাপ। তাই এবার ব্যক্তিগত অর্জনের চেয়ে ট্রফি জেতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।


ক্যারিয়ারের শেষ পর্যায়ে ব্যাটিংয়ে নতুন মাত্রা যোগ করার চেষ্টাও করছেন কোহলি। আগের তুলনায় আরও আক্রমণাত্মকভাবে খেলার বিষয়ে তিনি বলেন, এই সময়ে নিজের খেলাকে আরও এক-দুই ধাপ এগিয়ে নেওয়াই তাঁর চ্যালেঞ্জ। নতুনভাবে ব্যাটিং করার সুযোগ তাঁকে রোমাঞ্চিত করছে এবং আরও মুক্ত মনে খেলতে সাহায্য করছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য