ক্লাব ফুটবল থেকেও অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া। নির্দিষ্ট করে অবসরের ঘোষণা না দিলেও সামনে কী করবেন, তা নিয়ে ভাবার কথা জানিয়েছেন তিনি।
২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান দি মারিয়া। ক্যারিয়ারের দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন তিনি।
এরপর গত বছর ইউরোপ অধ্যায়ের ইতি টেনে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যান এই আর্জেন্টাইন উইঙ্গার। নিজের ক্যারিয়ারের শেষটা ঘরের ক্লাবেই রাঙানোর ইচ্ছা ছিল তাঁর।
তবে এখন সেই অধ্যায়ও শেষের দিকে বলে মনে করছেন দি মারিয়া। কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ভবিষ্যৎ নিয়ে এমন ইঙ্গিত দেন রোজারিও সেন্ট্রালের অধিনায়ক।
ম্যাচ শেষে ইএসপিএনকে দি মারিয়া বলেন, ‘এটা খুব কঠিন একটা মুহূর্ত। কারণ আমার স্বপ্নটা অন্যরকম ছিল, ইচ্ছে ছিল আরও এগিয়ে যাওয়ার। কিন্তু ফুটবল খেলাটাই এমন। এখন আমাকে ভাবতে হবে এবং দেখতে হবে সামনে কী করতে চাই।’
করিন্থিয়ান্সের বিপক্ষে পরাজয় নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। ফক্স স্পোর্টসকে দি মারিয়া বলেন, দলের গোল করার সুযোগ ছিল, কিন্তু নিজেদের পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি খেলতে পারেননি তারা। সুযোগগুলো কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে।
ম্যাচের ৫৮ মিনিটে রানিয়েলে লাল কার্ড দেখে করিন্থিয়ান্স ১০ জনের দলে পরিণত হয়। এরপরও ৮০ মিনিটে ব্রেনো বিদনোর গোলে জয় পায় ব্রাজিলের ক্লাবটি।
এদিকে অবসরের ইঙ্গিত দিলেও রোজারিও সেন্ট্রালের সঙ্গে দি মারিয়ার চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। গত জুনে চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন তিনি।
১৮ বছরের ইউরোপ অধ্যায় শেষে শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ১৪ গোল করেছেন ৩৮ বছর বয়সী দি মারিয়া। পাশাপাশি সতীর্থদের দিয়ে ৭টি গোল করিয়েছেন তিনি।