ফ্রান্সকে হারিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলতে পারলে সেটিই হবে নিজের ১৯তম জন্মদিনের সেরা উপহার বলে মন্তব্য করেছেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে তিনি বলেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে এবং ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) সেমিফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, “আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটা তো কেবল ফুটবল, ভয়ের কিছুই নেই এখানে।”
গত সপ্তাহে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ইয়ামাল বলেছিলেন, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় স্পেনের চেয়ে ফ্রান্সেরই বেশি সতর্ক থাকার কথা। সেই মন্তব্যের ব্যাখ্যা দিতেই তিনি আত্মবিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।
১৯তম জন্মদিন উপলক্ষে একটি রত্নখচিত নেকলেস কিনেছেন জানিয়ে ইয়ামাল বলেন, এখনো বিশেষ কোনো উপহার পাননি। তবে মঙ্গলবার ফ্রান্সকে হারিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগই হবে তার জন্য সবচেয়ে বড় উপহার।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোল করেছেন ইয়ামাল। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।
তিনি বলেন, “আমি গোল নিয়ে বেশি ভাবি না। তবে এমন ম্যাচে গোল করা সবসময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটাই সেই ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছে। দর্শকদের জন্য আমরা একটি দারুণ ম্যাচ উপহার দিতে চাই।”
সেমিফাইনালের গুরুত্ব স্বীকার করলেও অতিরিক্ত চাপ অনুভব করছেন না বলেও জানান এই তরুণ ফুটবলার। ইয়ামালের ভাষায়, “জীবনে একটি ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি আছে। তাই আমি শান্ত আছি। কোনো বাড়তি চাপ অনুভব করছি না। সব সময়ের মতো মাঠে নেমে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”