জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। কর্মসূচির অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে জামায়াত, এনসিপিসহ জোটের শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট রেলপথে লংমার্চ করা হবে। সবশেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
জোটের নেতারা জানান, অবিলম্বে গণহত্যার বিচার বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক এ কর্মসূচি নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি জনগণের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনকে আরও জোরদার করা হবে।