ঢাকা: দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে শিক্ষকদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো নিমগাছের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের রোপণ করা নিমগাছগুলো সেখানে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। বৃক্ষরোপণের পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করার জন্য শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর গার্ড অব অনার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনপ্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবে। এর মাধ্যমে তরুণদের দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে বিএনসিসিকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন