ঢাকা: কালো টাকা সাদা করার সুযোগ বাতিলসহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী এনে জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়।
পাস হওয়া অর্থবিলে করব্যবস্থায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো কালো টাকা বৈধ করার সুযোগ সম্পূর্ণভাবে বাতিল করা। একই সঙ্গে ব্যক্তির বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ করদাতাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া নতুন সংশোধনী অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর টিআইএন (ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর) বাধ্যতামূলক থাকবে না। এতে সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থবিলে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর আরোপিত অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) বাতিল করা হয়েছে। এর ফলে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ওপর করের চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
সংশোধিত অর্থবিল-২০২৬ পাসের মাধ্যমে আগামী অর্থবছরের রাজস্ব ও করনীতি বাস্তবায়নের আইনি ভিত্তি আরও সুসংহত হলো। সরকারের মতে, নতুন এসব সিদ্ধান্ত করব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সহায়ক হবে।
মন্তব্য করুন