চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের পুরো সময়জুড়ে তিনি দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং জাতীয় স্বার্থ রক্ষাই ছিল সফরের মূল লক্ষ্য।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।’
তিনি বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনে সরকার সবসময় অঙ্গীকারবদ্ধ। এ প্রসঙ্গে তিনি দলের মূলনীতি তুলে ধরে বলেন, ‘আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি—বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম।’
তারেক রহমান আরও বলেন, এই সফরে কোনো ব্যক্তিগত অর্জনের বিষয় নেই। যদি কোনো গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়ে থাকে, তবে তা কেবল বাংলাদেশের অর্জন এবং দেশের মানুষের অর্জন।
তিনি বলেন, ‘এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কোনো কিছু অর্জিত হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এ দেশের মানুষের অর্জন।’
বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্য দেশের স্বার্থে কাজ করার বিষয়ে যে উৎসাহ ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বলেন, সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি ব্যক্তিগতভাবে সংসদের সকল সদস্য এবং বিরোধীদলীয় নেতাকে আন্তরিক ধন্যবাদ জানান।
মন্তব্য করুন