জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় অতিরিক্ত সময় চাওয়াকে কেন্দ্র করে রসিক মন্তব্য করেছেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বক্তব্য শেষ করে আরও দুই মিনিট সময় চাইলে স্পিকার বলেন, ‘মুদি দোকানে একটা কথা লেখা থাকে—বাকি চাহিয়া লজ্জা দেবেন না। এখন সময় চাইয়া লজ্জা দেবেন না।’
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় এ ঘটনা ঘটে।
বাজেটের ওপর বক্তব্য শেষ করার পর সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন স্পিকারের কাছে আরও দুই মিনিট সময় দেওয়ার অনুরোধ জানান। জবাবে স্পিকার সংক্ষেপে বলেন, ‘সময় নেই।’
তবে সংসদ সদস্য পুনরায় সময়ের আবেদন জানালে স্পিকার হালকা রসিকতার সুরে বলেন, ‘সম্ভব নয়। আমি তো বক্তব্যের শুরুতেই বলেছি, মুদি দোকানে যেমন লেখা থাকে—বাকি চাহিয়া লজ্জা দেবেন না। এখন সময় চাইয়া লজ্জা দেবেন না।’
স্পিকারের এই মন্তব্যের পর সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়। পরে সংসদ সদস্যরাও স্পিকারের বক্তব্যে সমর্থন জানান।
মন্তব্য করুন