স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনের ক্ষেত্রেও দেশটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আগ্রহ দেখিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। এই সফরের ফলে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন অংশীদারিত্বের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি জানান, চীন ও মালয়েশিয়া উভয় দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সফলতা তুলে ধরে একটি ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
মন্তব্য করুন