বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে শক্তিশালী করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। বোর্ডের পরিচালক আসিফ আকবর বৃহস্পতিবার ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “ঢাকায় যা দেখা যায়, তা পুরো বাংলাদেশ নয়। ঢাকাকেন্দ্রিকতা ভেঙে সমগ্র দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে নতুন বোর্ড সচেষ্ট। আমাদের বোর্ড প্রধান আমিনুল ইসলাম নির্দেশ দিয়েছেন ঢাকার বাইরের অভ্যন্তরীণ ক্রিকেটকে শক্তিশালী করতে।
আসিফ আকবর আরও জানান, বিসিবি বছরে অন্তত আট মাস ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে। এর মধ্যে অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ ও ১৯ দলের নিয়মিত ক্যালেন্ডার নিশ্চিত করা হবে। তিনি বলেন, অনুশীলনের সুবিধার জন্য স্থানীয় সংগঠকরা বোলিং মেশিনের ব্যবস্থা চাইতে পারেন। এছাড়া অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আনার পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে, যাতে পড়াশোনার চাপ ও মানসিক অস্থিরতার কারণে ক্রিকেট ছাড়ার প্রবণতা কমানো যায়।
তিনি ঠাকুরগাঁওকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। জাতীয় টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ঠাকুরগাঁওকে ঘোষণা করার প্রস্তাব জানানো হয়েছে। ড্রেসিংরুম, নারী ক্রিকেটারদের জন্য পৃথক সুবিধা, পিচকভার, স্থায়ী গ্রাউন্ডম্যান, আন্তর্জাতিক মানের স্কোরবোর্ড, সাধারণ ও সিন্থেটিক টার্ফসহ হার্ড উইকেট স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে।
প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের ডিজিটাল ডাটাবেইস তৈরি করা হবে, যাতে দেশের প্রতিভাবান স্কুল খেলোয়াড়দের তথ্য সংরক্ষিত থাকে। প্রতিটি জেলায় টুর্নামেন্ট শেষে অন্তত দুই-চারজনকে স্কলারশিপ দেওয়া হবে। জেলা ক্রীড়া সংস্থাকে জেলা পর্যায়ের লিগ আয়োজনের পরিকল্পনা দ্রুত বোর্ডে জমা দিতে বলা হয়েছে। সফল হলে ঠাকুরগাঁও মডেল একই ফ্যাসিলিটি অন্তত ১০টি জেলায় প্রয়োগ করা হবে।
পরিদর্শনে রংপুর বিভাগের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, স্থানীয় কোচ ও সংগঠকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির পরিচালক হাসানুজ্জামান ও মেম্বার সেক্রেটারি আরমান উল ইসলাম নয়নসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন