কক্সবাজারে দারুণ লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। প্রথম ম্যাচের তিক্ততার পর এবার হাসিমুখেই মাঠ ছাড়ল মেয়েরা। ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪ রানের মাথায় আউট হয়ে ফেরেন অধিনায়ক অরিত্রী মণ্ডল। এরপর ওপেনার সুমাইয়া আক্তারের সামনে তৈরি হয় আরো কঠিন পরিস্থিতি—এক এক করে আরও তিন সতীর্থ ফিরে যান ড্রেসিংরুমে।
মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ তখন পাকিস্তানের দিকেই হেলে পড়ছিল। কিন্তু সুমাইয়া আক্তার দৃঢ়তায় সেই চাপ সামলে নেন। পঞ্চম উইকেটে ফারজানা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে গড়ে ২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা ম্যাচের চিত্র পাল্টে দেয়। তবে দুজনই দলীয় ৬৩ রানে আউট হয়ে ফিরে যান। ইয়াসমিন করেন ১০ রান এবং সর্বোচ্চ ৩২ রান আসে সুমাইয়ার ব্যাট থেকে।
শেষদিকে আরেকটি উইকেট হারালেও চাপ সামলে দায়িত্ব নিয়ে খেলেন সাদিয়া আক্তার। তাঁর অপরাজিত ১৩ রানের ইনিংসে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ নেন দুটি করে উইকেট।
এর আগে পাকিস্তানকে বড় পুঁজি গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। শুরুটা করেন অতসী মজুমদার—আউট করেন প্রতিপক্ষ অধিনায়ক ইমান নাসেরকে। এরপর হাবিব ইসলাম পিংকি পেস আগুনে পাকিস্তানের ব্যাটিং লাইনে ধস নামান। মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন উইকেটরক্ষক কমল খান।
৭ ডিসেম্বর কক্সবাজারেই সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন