আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। এ বছর বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জন ক্রিকেটার এই নিলামে দল পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় থাকা বাংলাদেশের দুই তারকা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তিমূল্যও প্রকাশ করা হয়েছে।
বাঁহাতি পেসার মুস্তাফিজ সর্বোচ্চ ক্যাটাগরিতে নিজেকে রেখেছেন। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজ এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২৫ আসরে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।
অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নিচ্ছেন। আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলার অভিজ্ঞতা রয়েছে তার, তবে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে।
এবারের নিলামে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এমনকি মালয়েশিয়া থেকেও ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন।
অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভেন স্মিথের মতো তারকারা নিলামে থাকলেও, বিস্ময়করভাবে গ্লেন ম্যাক্সওয়েল নাম লেখাননি। সর্বশেষ আসরের পর পাঞ্জাব কিংস তাকে ছাড়ে।
গত ১৫ নভেম্বর ছিল খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ করার জন্য মোট ২৩৭.৫৫ কোটি রুপি বাজেট অবশিষ্ট রয়েছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে সর্বোচ্চ ৬৪.৩০ কোটি এবং চেন্নাই সুপার কিংসের হাতে ৪৩.৪০ কোটি রুপি রয়েছে।
নিলামে মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম লিখালেও ১০টি দলের জন্য ফাঁকা স্লট মাত্র ৭৭টি। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ৩১টি স্লট। ফলে দল পেতে হলে মুস্তাফিজ ও সাকিবদের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
মন্তব্য করুন