রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে খালের পাড়ে দেয়াল তুলে রাস্তা নির্মানে বাঁধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
শনিবার সন্ধায় বাজারের দক্ষিণ মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন বক্তারা বলেন,উপজেলা সদরের প্রাণকেন্দ্র টিএন্ডটি সড়কের লিপি আক্তারের বাড়ী থেকে খালের পাড়ের রাস্তাটি সাবেক চেয়ারম্যান মৃত মতিউর রহমানের বাড়ী পযন্ত বয়ে গেছে। যার এলজিইডির আইডি নম্বরও রয়েছে। আমরা বিগত দিনে এখানে রাস্তার কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় খাল খননের সময় রাস্তার কাজ করা হবে। এখন খাল খনন চলছে এবং ৬’ শত ফুট লম্বা রাস্তার প্রায় সাড়ে ৫’শত ফুট সম্পন্ন হয়েছে। মতিউর রহমানের বাড়ী পযন্ত রাস্তাটি আসলে তার স্ত্রী হাজেরা বেগম রাস্তা নির্মানে বাঁধা দেয়। কিছুদিন আগে যখন খাল খননের শুরু হয় তখন তিনি এখানে একটি নতুন দেয়াল তুলে। এখানে রাস্তা না থাকার কারনে আমাদের অর্ধশত পরিবারের প্রায় ২’শত মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। রাস্তা না থাকার কারনে এখান থেকে স্কুলের ক্ষুদে শিক্ষার্থী সহ বয়ষ্ক ও অসুস্থ মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমাদের প্রানের দাবি এখানে রাস্তাটি করা হোক। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম,মাহফুজুর রহমান বাচ্চু,তরিকুল ইসলাম ও আবদুল্লাহ প্রমুখ।
এদিকে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানায়, ঠিকাদারের লোক রেজোয়ান লোকজন নিয়ে রাতের আধারে আমার বিল্ডিং ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখান থেকে রাস্তা চাইছে সেটা আমার ত্রুয়কৃত সম্পত্তি।
মন্তব্য করুন