বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৪৮) নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালক ও ঝালকাঠি স্টেশন রোড এলাকার থাই ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর এবং ব্যবসায়ী সোহেল হোসেন মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠির দিকে ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের দুই আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক কাউন্সিলরের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।