যন্তর মন্তরের বিক্ষোভের পর প্রকাশ্যে মোদি, জেন-জিকে দিলেন বার্তা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ আগস্ট ২০২৬, ০৯:৫৭
যন্তর মন্তরের বিক্ষোভের পর প্রকাশ্যে মোদি, জেন-জিকে দিলেন বার্তা


দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে সরাসরি বক্তব্য দেন তিনি।


সমাবর্তন অনুষ্ঠানে প্রায় তিন হাজার জেন-জি তরুণের সামনে মোদি বলেন, প্রশ্ন করার অধিকার সবার আছে। তবে একই সঙ্গে রাষ্ট্রের প্রতি নিজের দায়িত্বের কথাও মনে রাখতে হবে। দেশের প্রতি দায়িত্ব পালনের বিষয়টি সব প্রজন্মকেই গুরুত্ব দিয়ে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


মোদি বলেন, ‘ছাত্রজীবন ও কর্মজীবন এক নয়। ক্যাম্পাসের বাইরে জীবনের পরীক্ষাগুলোও ভিন্ন ধরনের। সেখানে প্রশ্নের পাশাপাশি নিজের উত্তরও নিজেকেই খুঁজে নিতে হয়।’


তিনি বলেন, ‘প্রশ্ন করা ভালো। তবে সেই প্রশ্নের উত্তরও নিজেকেই খুঁজে নিতে হয়। জীবনের লড়াইয়ে কোনো প্রশ্নপত্র থাকে না। নিজেকেই প্রশ্ন করতে হয় এবং নিজেকেই সমাধান খুঁজে বের করতে হয়। এখানে সবকিছুই সিলেবাসের বাইরে।’


ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘যে শিখবে, সে-ই জিতবে। প্রশ্ন করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রের প্রতি দায়িত্বও সবার।’


### তরুণদের ওপর আস্থা মোদির


মোদি বলেন, আগের প্রজন্মের মানুষের লড়াইয়ের ফলে ভারত স্বাধীনতা পেয়েছে। এখন আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে দেশের নতুন প্রজন্মের সামনে অনেক সুযোগ রয়েছে।


তিনি বলেন, ‘দেশের যুবসমাজ এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।’ একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মের ওপর আস্থার কথা জানান তিনি। দেশের উন্নয়নে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন মোদি।


### জেন-জির মন জয়ের চেষ্টা?


ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেন-জি বা তরুণ প্রজন্মের মন জয় করার চেষ্টা করছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


শনিবার দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নতুন প্রজন্মকে তাদের ভাষায় দেশের প্রতি দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়াকে তরুণদের সঙ্গে দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।


### ‘পরম প্রজ্ঞা’ সুপারকম্পিউটারের উদ্বোধন


এদিন আইআইটি দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উচ্চক্ষমতাসম্পন্ন সুপারকম্পিউটার ‘পরম প্রজ্ঞা’র উদ্বোধন করেন মোদি।


সমাবর্তন অনুষ্ঠানে তিন হাজারের বেশি স্নাতক শিক্ষার্থী এবং প্রায় ৫৮৭ জন পিএইচডি গবেষক প্রধানমন্ত্রীর কাছ থেকে ডিগ্রির সনদ গ্রহণ করেন।


এ সময় ‘প্রেসিডেন্টস গোল্ড মেডেল’, ‘ডিরেক্টরস গোল্ড মেডেল’, ‘শঙ্কর দয়াল শর্মা গোল্ড মেডেল’ ও ‘পারফেক্ট টেন গোল্ড মেডেল’সহ বিভিন্ন পুরস্কার কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেন মোদি। এসব পুরস্কার আইআইটি দিল্লির অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য