যে কারণে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৪:৪৭
যে কারণে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধীদলের ওয়াকআউট


গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিয়ে সংসদে আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ওয়াকআউটের ঘোষণা দেন।


বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা এখন আর এই আলোচনায় অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। উপযুক্ত হলে তখন আমরা আসব।’


তিনি বলেন, জনগণের পক্ষে কথা বলার জন্য বিরোধীদলের পক্ষ থেকে চারটি নোটিশ জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে ও জনদুর্ভোগ নিরসনের স্বার্থে এসব নোটিশ আলোচনায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


বক্তব্যে বিরোধীদলীয় নেতা দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, লোডশেডিং, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব বিষয়ে আলোচনার জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে বিপুলসংখ্যক কলকারখানা বন্ধ হয়ে গেছে। এতে মালিকদের পাশাপাশি লাখ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সংসদে সরকারের দেওয়া তথ্যের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতারও মিল নেই বলে দাবি করেন তিনি।


গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর অভিযোগ, গণভোটে জনগণের দেওয়া সংস্কারের রায় উপেক্ষা করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম ও পুলিশ সংস্কার এবং নির্বাচন কমিশনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।


এ ছাড়া বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের জন্য নির্ধারিত দিন হওয়া সত্ত্বেও সরকারি বিল উত্থাপনের বিষয়েও আপত্তি জানান তিনি। তাঁর দাবি, এভাবে সংসদ পরিচালনার প্রক্রিয়ার অংশ হতে চায় না বিরোধীদল।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য