রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর র্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হয়েছে। আজ রবিবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা ঘটে। র্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দেশীয় ও কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাছ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রী ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে ভেড়ামারা উপজেলাকে মৎস্য উৎপাদনে আরও স্বনির্ভর করতে হবে।
আমাদের স্থানীয় মৎস্যজীবীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের দিকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক রহমান,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং পৌর বিএনপির সভাপতি আবু দাউদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী, সফল মাছ চাষি এবং শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস। অনুষ্ঠানে মৎস্য চাষের আধুনিক
কলাকৌশল ও রোগবালাই দমনের ওপর একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।