তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলে দেশকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং সেখান থেকেই পরিবর্তনের সূচনা হয়েছে।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কথা জানিয়ে তারেক রহমান বলেন, শতভাগ সফলতা অর্জন সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।
দেশ পুনর্গঠনে বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় ২৩ লাখ স্কাউট সদস্য রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে কর্মরত সদস্যের সংখ্যাও প্রায় ২২ হাজার। এ ছাড়া দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় চার কোটি শিক্ষার্থী রয়েছে।
তিনি বলেন, এত বিপুলসংখ্যক মানুষ যদি দেশকে পুনর্গঠনের কাজে একসঙ্গে যুক্ত হয়, তাহলে কোনো বাধাই সেই পরিবর্তন ঠেকিয়ে রাখতে পারবে না।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে নিয়মিত নাগরিক দায়িত্ব হিসেবে নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ব্যয় করলে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিবর্তনের এই উদ্যোগ শুধু সরকারের ওপর নির্ভরশীল নয়; নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব।