টানা ভারী বৃষ্টির পরও রাজধানীর নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা পুরোপুরি কাটেনি। হাঁটুসমান পানি জমে থাকায় বিপণিবিতান ও দোকানপাট খুললেও ক্রেতাদের উপস্থিতি অনেক কম। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির পাশাপাশি দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বাড়তি ভোগান্তির মুখে পড়েছেন।
সোমবার (১৩ জুলাই) নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, রোববারের টানা বৃষ্টিতে পুরো এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। নিচু অবস্থানে থাকা অনেক দোকানে বৃষ্টির পানি ও নালা-নর্দমার পানি ঢুকে পড়ে। ফলে পণ্য ও দোকান রক্ষায় তাদের অতিরিক্ত শ্রম ও ব্যয় করতে হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, নিউমার্কেট এলাকার ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। সরকার বা প্রশাসনের পরিবর্তন হলেও রাজধানীর অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্রের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাব থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়।
তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে ক্রেতাদের অনেকেই বাজারে আসতে পারছেন না। ফলে বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এদিকে, রোববার ভারী বৃষ্টির সময় কোনো ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউমার্কেট এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার সকাল থেকে আবারও বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।