সুন্দরগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত হিয়ামনি, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা

দে
মোঃ হযরত বেল্লাল
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৪
সুন্দরগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত হিয়ামনি, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা


গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হরি মহন্ত ও বিউটি রানী দম্পতির প্রতিবন্ধী মেয়ে হিয়ামনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। উন্নত চিকিৎসার অভাবে ছোট্ট শিশুটির জীবন এখন অনিশ্চয়তার মুখে। চিকিৎসার পাশাপাশি বসবাসের জন্য একটি নিরাপদ ঘরেরও প্রয়োজন তাদের।


পরিবার সূত্রে জানা যায়, হিয়ামনির চিকিৎসার জন্য তার বাবা-মা দীর্ঘদিন ধরে রংপুরে চিকিৎসা করিয়েছেন। সেখানে চিকিৎসকরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ফলে অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে হিয়ামনির পরিবার।


হিয়ামনির বাবা হরি মহন্ত উপজেলা পরিষদের রেজিস্ট্রি অফিসের পাশে সরকারি জায়গায় একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দোকান থেকে যে সামান্য আয় হয়, তা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি অসুস্থ মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।


শুধু চিকিৎসা নয়, পরিবারটির বাসস্থানের অবস্থাও অত্যন্ত নাজুক। তাদের ঘরের বেড়া ভেঙে গেছে এবং চালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই অসুস্থ হিয়ামনিকে নিয়ে দিন কাটাচ্ছেন তার বাবা-মা।


একদিকে অসুস্থ মেয়ের উন্নত চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, অন্যদিকে পরিবারের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা জরুরি। দুই সংকটে পড়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।


হরি মহন্ত ও বিউটি রানী তাদের মেয়ের চিকিৎসা এবং ঘর মেরামতের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, প্রবাসী ও দেশ-বিদেশের সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।


তাদের প্রত্যাশা, মানবিক মানুষ ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে হিয়ামনির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে এবং পরিবারটি পাবে একটি নিরাপদ আশ্রয়। একটি শিশুর জীবন ও ভবিষ্যৎ রক্ষায় সামান্য সহযোগিতাও হতে পারে এই পরিবারের জন্য বড় আশার আলো।




একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য