গাজীপুরের শ্রীপুরে ফিল্মি কায়দায় বিকাশ এজেন্টের প্রাইভেটকারে অতর্কিত গুলি চালিয়ে আনুমানিক চার কোটি টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে হিমেল (৩৫) নামে বিকাশ এজেন্টের এক প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত হিমেল শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে একটি প্রাইভেট কারযোগে ৪ কোটি ৩০ লাখ টাকা নিয়ে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন বিকাশ এজেন্টের প্রতিনিধিরা। গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাইভেটকারটি লক্ষ্য করে এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা হিমেল গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।
গাড়িতে মোট তিন বস্তা টাকা ছিল। গুলি চালানোর পর পরই দুর্বৃত্তরা দুই বস্তা টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে অপর এক বস্তা টাকা গাড়িতেই রয়ে যায়।
ঘটনার সময় গাড়িতে আহত হিমেল ছাড়াও চালক লাল মিয়া (পিতা: ফালু মিয়া, কেওয়া পশ্চিম), ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন (৩২) এবং রিফাত (৩০, পিতা: জামান) উপস্থিত ছিলেন।
ঘটনার পর আহত হিমেলকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যেই সাঁড়াশি অভিযানে নেমেছে। পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ও তল্লাশি।