সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহতদের ৭ জনের জানাজা অনুষ্ঠিত

দে
রুহুল আমিন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৩:৫৮
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহতদের ৭ জনের জানাজা অনুষ্ঠিত

সম্প্রতি সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় যে ১৬ জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছিল তাদের মধ্য থেকে ১১ জন ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। এ ১১ জনের মধ্য হতে ৭ জনের মরদেহ আজ শুক্রবার মধ্যরাতে আত্রাইয়ে পৌঁছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে তাদের জানাজা নামাজ শেষে মরদেহের কফিনগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


​জানাজার নামাজে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা,


রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মুসল্লি। জানাজার জন্য সকাল সাড়ে ৯ টায় কফিন নিয়ে লাশবাহী গাড়িগুলো কলেজ মাঠে প্রবেশ করলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উপস্থিত স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কফিনগুলো এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমায়।


​উল্লেখ্য গত ৯ আগস্ট ২০২৬ সন্ধ্যার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। এদের মধ্যে ১১ জনই ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার। এ ঘটনার পর থেকে তাদের মরদেহগুলো দেশে নিয়ে আসতে সরকার তৎপর হয়ে ওঠেন। সৌদি সরকারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবার পর সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি বিমানযোগে ৯ জনের মরদেহগুলো হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।


এদিকে আত্রাইয়ের যে ৭ জনের মরদেহ এসেছে তারা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল সরদার (৪৫), বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের গফফার রহমানের ২ ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১), বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮) ও শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েণ শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)। আজ শুক্রবার সকাল ১০ টায় জানাজা নামাজ শেষে তাদের স্বজনদের নিকট মরদেহগুলো হস্তান্তর করা হয়।


​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে ৭ লাশের জানাজা আজ আমরা সম্পন্ন করলাম। বাকিদের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় লাশগুলো আসতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, নিহতদের পরিবারগুলোর সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে।


শেখ রেজাউল ইসলাম রেজু এমপি বলেন, আমার নির্বাচনী এলাকার ১১ জন রেমিট্যান্স যোদ্ধার এ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ঘটনার পর থেকে তাদের লাশগুলো দেশে নিয়ে আসার ব্যাপারে চেষ্টা করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের যোগাযোগ করে আমার এলাকার ৭ জনের লাশ নিয়ে আসা হলো। বাকিদের লাশগুলোও দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য