নতুন রাষ্ট্রপতি নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আজ (শনিবার) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
দলীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং এ পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করা। চলতি আগস্ট মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
সূত্রগুলো আরও জানিয়েছে, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
দলীয় অন্দরে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এ ছাড়া বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুও আলোচনায় আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই শারীরিক ও মানসিক সক্ষমতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ইতোমধ্যে স্পিকারের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।