বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করার পাশাপাশি পরীক্ষা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে ৮ দফা দাবি উত্থাপন করেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং দুপুর ১২টার দিকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
সাইন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজসহ প্রায় ১৫টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে মাইলস্টোন কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সানরাইজ কলেজ এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।
অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে যারা এখনো নির্ধারিত পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য পরীক্ষা স্থগিত রাখা, বিজ্ঞান বিভাগের সব পরীক্ষার্থীকে বাধ্যতামূলক ১৪ নম্বর গ্রেস মার্ক প্রদান এবং শিক্ষাব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও শিক্ষার্থীবান্ধব করার দাবিসহ মোট ৮ দফা দাবি উত্থাপন করেন।
সড়ক অবরোধের কারণে রাজধানীর ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় এবং আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।