২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্রের মিয়ামির ঐতিহাসিক হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।
শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বাগতিক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। পুরো ম্যাচের একটি বড় সময় ১০ জন নিয়ে খেলেও জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসে উজ্জীবিত থমাস টুখেলের দল। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে নরওয়ে। তাই নিজেদের স্বপ্নের যাত্রা আরও দীর্ঘ করতে মুখিয়ে আছে দলটি।
তবে ইংল্যান্ড শিবিরে রয়েছে বেশ কয়েকটি দুশ্চিন্তা। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানসাহ। এছাড়া বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা লেগে হাত ভেঙে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। ডিক্লান রাইস ও মার্ক গেহিও চোট ও অসুস্থতার কারণে পুরোপুরি ফিট নন। তারপরও ড্যান বার্ন, জুড বেলিংহ্যাম ও অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরেই ম্যাচ পরিকল্পনা সাজিয়েছেন কোচ থমাস টুখেল।
অন্যদিকে, ব্রাজিলকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে নরওয়ে। কোচ স্টালে সলবাকেনের দলে বড় কোনো ইনজুরি সমস্যা নেই। শেষ ম্যাচে হালকা চোট পাওয়া লেফট-ব্যাক ডেভিড মোলার উলফও সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। এখন পর্যন্ত ৭ গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের একজন। এবারের আসরে তার নেওয়া শটের ৩৯ শতাংশই গোলে পরিণত হয়েছে, যা ১৯৮৬ সালের বিশ্বকাপে গ্যারি লিনেকারের পর ১৫টির বেশি শট নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল রূপান্তরের হার।
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, তারকাবহুল স্কোয়াড এবং সেমিফাইনালে ওঠার লক্ষ্য—সব মিলিয়ে আজকের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে।