টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিতে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সোমবার ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বাতাসে আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার মধ্যে সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৃষ্টির কারণে চলমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়েছে। অন্যদিকে, অফিসগামীদের অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে পৌঁছাতে বাধ্য হয়েছেন।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টানা বৃষ্টি ও যানজটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের ওপর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবিকার তাগিদে তাদের বাইরে বের হতে হয়েছে, ফলে দুর্ভোগ আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।