প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৫:৩৫
প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী


দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।


শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ ১০ হাজার কর্মীকে ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এসব কর্মীর বিমান ভাড়াসহ অভিবাসন-সংক্রান্ত সব খরচ বহন করা হবে। প্রথম বহর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।


২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সি নির্বাচনের এখতিয়ার মালয়েশিয়া সরকারের হাতে রয়েছে। বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে বাংলাদেশ সরকার এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


মালয়েশিয়ার উচ্চপর্যায়ের যৌথ কমিটির যাচাই-বাছাই শেষে মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি ও সাব-এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার মন্ত্রিসভা অনুমোদিত ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি এবং একটি সরকারি এজেন্সি রয়েছে।


এ ছাড়া বাংলাদেশের ৪২৩টি এজেন্সির তালিকা থেকে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে আরও ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে যুক্ত করা হয়েছে।


কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বিতর্কিত ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাদ দিয়ে ১৬টি অনুমোদিত মেডিক্যাল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। পরে মালয়েশিয়ার তিনটি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে সরেজমিন পরিদর্শন করবে। এরপর মেডিক্যাল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করা হবে।


কর্মীদের নিরাপত্তা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


দালাল ও মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সতর্ক করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না।


মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কাউকে মেডিক্যাল পরীক্ষা করানো, পাসপোর্ট জমা দেওয়া কিংবা কোনো অর্থ প্রদান না করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য