নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতো হবে: রাশেদ প্রধান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫
নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতো হবে: রাশেদ প্রধান



নতুন করে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। একই সঙ্গে ক্ষমতায় গিয়ে ‘ভারতীয় এজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


বুধবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘শহীদ আবরার ফাহাদ দিবস’ উপলক্ষে ‘রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রাশেদ প্রধান বলেন, ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে কোনো ‘নতুন আওয়ামী লীগ’ কিংবা ‘দিল্লির নব্য তোষণকারী’ দেখার জন্য শেখ হাসিনার পতন ঘটায়নি। তাঁর ভাষ্য, কেউ ক্ষমতায় বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে কিংবা নতুন করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে তার পরিণতিও শেখ হাসিনার মতো হবে।


আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে জাগপার এই নেতা বলেন, ২০১৯ সালের এই দিনে দেশের স্বার্থ ও ন্যায্য হিস্যার পক্ষে কথা বলার কারণে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে আবরার ফাহাদ নিহত হন। তাঁর দাবি, আবরারের কণ্ঠ রোধ করে দেশের মানুষকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল।


রাশেদ প্রধান আরও বলেন, আবরারের আত্মত্যাগ দেশের বহু তরুণকে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করেছে। পরবর্তী সময়ে সেই প্রতিবাদী চেতনার ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।


বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক সহযোগীরা ক্ষমতা হারালেও দেশে ‘আধিপত্যবাদের দোসররা’ এখনো সক্রিয় রয়েছে। তাঁর অভিযোগ, কেউ কেউ নতুন করে ক্ষমতার স্বাদ পেয়ে পুরোনো বন্দোবস্ত বহাল রাখতে চাইছেন এবং ভারতের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।


তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। রাশেদ প্রধানের দাবি, যারা এ প্রকল্প বাস্তবায়নে ভয় পায় এবং দিল্লির সমর্থনের জন্য দৌড়ঝাঁপ করে, দেশের মানুষ তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। ‘আধিপত্যবাদের গোলামি’ করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।


যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সহসভাপতি নাজমুল হাসান।


এ ছাড়া যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার, সাধারণ সম্পাদক ওসমান গণি, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের ও সামিরুল ইসলাম রাকিব, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী এবং মো. আল-মামুন বক্তব্য দেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য