প্রায় পাঁচ মাস বিদেশে কাটানোর পর নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। হংকং হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেপালে ফিরে দেউবা সরাসরি মহারাজগঞ্জে তাঁর ভাড়া করা বাসভবনে উঠবেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব ভানু দেউবা। দেশ ছাড়ার আগে যে বাসাটি ভাড়া নিয়েছিলেন, দেশে ফিরে সেখানেই থাকবেন তিনি।
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষা করানোর কথা জানিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে নেপাল ছাড়েন দেউবা। এরপর প্রায় পাঁচ মাস তিনি দেশের বাইরে অবস্থান করেন।
তবে দীর্ঘ সময় বিদেশে অবস্থান এবং তাঁর চিকিৎসার প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
দেউবা কাঠমান্ডু থেকে সরাসরি সিঙ্গাপুরে গেলেও তাঁর স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা নয়াদিল্লি হয়ে সিঙ্গাপুরে যান। পরে দেউবা, রানা ও তাঁদের ছেলে জয়বীর কখন সিঙ্গাপুর থেকে হংকংয়ের উদ্দেশে রওনা হন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।