নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়াপাড়া সড়কের একবট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের ভ্যানচালক পরিমল বর্মন (৪০), তাঁর ছোট ভাই প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা বর্মন (৩০), প্রতিমার মেয়ে বিপাশা বর্মন (৮) এবং ছেলে যাদব বর্মন (৪)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পরিবারটি বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিল। পথে জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ভ্যানচালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও দুইজন আহত হন।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত দুইজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।