মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৪:১৭
মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির


মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি দেশের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জাতীয় স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত নিয়ে অন্য কারও অস্বস্তির কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, মক্কা প্যাক্টে যোগ দেওয়া বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং জাতীয় স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তা নিয়ে অন্য কারও অস্বস্তিতে ভোগার প্রয়োজন নেই।


সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে নানা মতও দেখা দিয়েছে।


গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।


এর আগে চলতি বছরের ১৯ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামি সম্মেলনের সময় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।


চুক্তির অন্যতম লক্ষ্য হলো, জোটভুক্ত কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোর সহযোগিতায় এগিয়ে আসা। এর মাধ্যমে তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা সমন্বিতভাবে কাজে লাগানোর কথা বলা হয়েছে।


এদিকে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ এ চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য