আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। স্থানীয় সময় শুক্রবার রাত প্রায় ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে হোর্হে মেসির বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।
ডেইলি স্পোর্টসের তথ্য অনুযায়ী, রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হোর্হে মেসির মৃত্যু হয়।
লিওনেল মেসির ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের ফুটবল ক্যারিয়ারের শুরুর দিনগুলো থেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার পুরো যাত্রায় তিনি মেসির পাশে ছিলেন।
হোর্হে মেসি দীর্ঘদিন ছেলের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে মেসির পক্ষে আলোচনা ও চুক্তির বিষয়গুলো দেখভাল করতেন তিনি। পাশাপাশি মেসির ব্যবসায়িক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
মেসির ফুটবল ক্যারিয়ারের পেছনে বাবার অবদান বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।