কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন।
এছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন