জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 02:06 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি, তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সে জন্য তিনি দুঃখিত।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।”

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বিকেল ৫টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে ছিল—সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের পরীক্ষা পুনরায় গ্রহণ।

এ ছাড়া শিক্ষার্থীরা পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান আরও শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানান।

বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয় দফায় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিলে রাজধানীর মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য