জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৩:১৩
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরামর্শে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে—তার আগের মন্তব্যও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে প্রমাণিত হয়েছে।


রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।


পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মতো চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তাহলে হয়তো তিনি আজ আমার প্রশংসাই করতেন।”


তিনি আরও বলেন, বিভিন্ন টকশোতে কেউ তাকে আক্রমণ করলে তিনি তার জবাব দেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আগে জামায়াত-শিবিরের কেউ আমাকে ‘নব্য বিএনপি’ বললে আমি বলেছিলাম, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। এরপর সহ-আলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছিল।”


রাশেদ খান তার পোস্টে আরও দাবি করেন, “যারা প্রধানমন্ত্রী, তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন, তাদেরই জামায়াতের আমির প্রকাশ্যে প্রশংসা করেছেন। এতে বোঝা যায়, এনসিপির কতিপয় ব্যক্তি জামায়াতের পরামর্শেই রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে।”


তিনি আরও বলেন, এর আগে তিনি যে মন্তব্য করেছিলেন—“জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি”—সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে জামায়াতের আমির নিজেই সেটির সত্যতা প্রমাণ করেছেন। এ জন্য তিনি ডা. শফিকুর রহমানকে ধন্যবাদও জানান।


রাশেদ খানের এসব মন্তব্যের বিষয়ে এনসিপি বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য