পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুয়াবাড়িয়া এ.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসাইনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় বালিকা বিদ্যালয় সড়কে অবস্থিত গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসাইন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কে বা কারা তার ছবি ব্যবহার করে এআই-এর মাধ্যমে ‘ভুয়া’ ছবি ও ভিডিও তৈরি করেছে। পরে সেগুলো বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসাইন বলেন, তিনি ১৯৯৪ সাল থেকে গুয়াবাড়িয়া এ.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি গলাচিপা উপজেলার শিক্ষা কার্যক্রমে প্রধান শিক্ষকদের প্রতিনিধিত্ব করাসহ উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা অপরাধের অভিযোগ নেই। অথচ তার ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানান।
প্রধান শিক্ষক বলেন, “আমার সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।”
তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।