বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার ভাষ্য, এ বছর বিপিএল নাও হতে পারে।
তবে ব্যক্তিগতভাবে বিপিএল বন্ধ করার চেয়ে টুর্নামেন্টটি আরও গোছানোভাবে আয়োজনের পক্ষপাতী তামিম। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিপিএল, ঘরোয়া ক্রিকেট ও ঘরের মাঠে ভারত সিরিজসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রীড়া আসর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এ বছর বিপিএল নাও হতে পারে। এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আরও ভালো বলতে পারবেন।
আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও বিশ্বের কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ভাবমূর্তি রক্ষা করা আমাদের কর্তব্য।’
বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: মীর ফরিদ
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এ বছর বিপিএল না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না, জানতে চাইলে তামিম বলেন, ‘আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব। এ ছাড়া অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে।’
ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে তামিম বলেন, ‘আমরা (বিসিবির দায়িত্বে) আসার পর ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছে। তৃতীয় বিভাগ টুর্নামেন্ট হয়েছে। নতুন মৌসুম শুরু হয়ে যাবে। দ্বিতীয় বিভাগের দলগুলো অংশগ্রহণ করেনি। সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি ব্যাপার আছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলব।’
ভারতীয় দল এই মাসে বাংলাদেশ সফরে আসবে কি না, এ নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি তামিম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা যাওয়ার, ততটা গিয়েছি। সীমা অতিক্রম করতে চাই না। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি নির্দিষ্ট করে বলতে পারছি না।’