ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 13 Jul 2026, 07:54 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা পৌরসভার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে আগামী ১ আগস্ট থেকে ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সাত দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি নগরবাসীকে ‘ঢাকা উৎসব’-এ অংশ নেওয়ার আহ্বান জানান।

আব্দুস সালাম বলেন, আগামী ১ আগস্ট ঢাকা পৌরসভার ৪১৬ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘ঢাকা উৎসব’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবের উদ্বোধনে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, ঢাকার ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উৎসবের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লালবাগ কেল্লা প্রাঙ্গণে। সেখানে প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল পরিদর্শন করবেন।

এ ছাড়া সাত দিনব্যাপী উৎসবে ‘ক্লিন ঢাকা’ ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য