কক্সবাজার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ইসলামনগর এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে বন বিভাগের কর্মকর্তাদের হেনস্তা ও অপদস্থ করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা ও ছাত্রদল নেতার নেতৃত্বে একদল লোক ‘চাঁদাবাজ’ স্লোগান দিয়ে মব সৃষ্টি করে বন কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছে বন বিভাগ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাড়ি নির্মাণসংক্রান্ত একটি অভিযোগের সরেজমিন পরিদর্শনে যান ফাঁসিয়াখালী রেঞ্জের সহকারী বনসংরক্ষক কামরুল হাসান এবং নলবিলা বিট কর্মকর্তা ও স্টেশন মাস্টার আবদুল ওয়াহাবসহ বন বিভাগের কর্মকর্তারা।
এ সময় কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আইয়ুব আলীর নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে জড়ো হন বলে অভিযোগ রয়েছে। তারা বন কর্মকর্তাদের উদ্দেশে ‘চাঁদাবাজ’ স্লোগান দেন এবং একপর্যায়ে মব সৃষ্টি করে কর্মকর্তাদের প্রকাশ্যে হেনস্তা ও অপদস্থ করেন বলে বন বিভাগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ফাঁসিয়াখালী রেঞ্জের সহকারী বনসংরক্ষক কামরুল হাসান বলেন, “বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে সরেজমিন পরিদর্শনে গেলে উত্তেজিত জনতা মব সৃষ্টি করে। এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “বন বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক চাপ বা প্রভাবের মুখে পড়লে সরকারি সম্পদ ও বনাঞ্চল রক্ষার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন বলেন,"সংশ্লিষ্ট জায়গাটি বনবিভাগের জায়গা নয়।অভিযুক্ত জায়গাটি বিগত পঞ্চাশ বছর থেকে ভোগ দখলীয় জায়গা।"