জামায়াতে ইসলামী নিজেদের ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’ দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সোমবার (৩ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর তারা নিজেদের মগবাজারের অফিসের তালাই খুলতে পারেনি।
তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসাসেবা, খাবার বিতরণসহ সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-অভ্যুত্থানের সময় বিএনপি দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন, সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি এখনো অনড় অবস্থানে রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গণভোটের নামে জামায়াত যে প্রচারণা চালিয়েছে, তাতে জনগণ সাড়া দেয়নি। এখন তারা গণভোট ও জুলাই সনদ ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খান।