বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৭, টানা বৃষ্টিতে বাড়ছে দুর্যোগ

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: অনলাইন ডেস্ক 09 Jul 2026, 07:01 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে নিহত ৭, টানা বৃষ্টিতে বাড়ছে দুর্যোগ

টানা ভারী বর্ষণের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও পার্বত্য জেলা বান্দরবানে পৃথক পাহাড়ধসের ঘটনায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজন এবং কক্সবাজারের চকরিয়ায় দুই শিশু রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড়ধসে একটি বসতঘর চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হন। তারা হলেন মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান। এ ছাড়া একই ঘটনায় চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) প্রাণ হারান।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, উদ্ধার হওয়া পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটাপাহাড়ি গ্রামে ভোররাতে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এবং চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য