আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ মিথ্যা দাবি ইদ্রিস হাসানের

দে
মো: রাকিবুল হাসান
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫
আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ মিথ্যা দাবি ইদ্রিস হাসানের


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস হাসান তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি প্রমাণসহ অভিযোগ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সাংবাদিক সম্মেলনে ইদ্রিস হাসান বলেন, তিনি কখনো আওয়ামী লীগ কিংবা দলটির কোনো অঙ্গ, সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমাকে আওয়ামী লীগের কোনো মিটিং, মিছিল, কর্মসূচি কিংবা সাংগঠনিক কার্যক্রমে কবে, কোথায় দেখা গেছে—তার প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করা হোক।’

ইদ্রিস হাসানের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি রাজনৈতিকভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতাসীনদের প্রভাবের কারণে তাকে পরপর দুইবার কারাবরণ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, সেই সময়ে হয়রানির শিকার হওয়া একজন ব্যক্তিকে বর্তমানে আওয়ামী লীগের কর্মী বা সহযোগী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা পরিচয়, অপবাদ কিংবা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা সুস্থ রাজনীতির পরিচয় নয়।

বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা না করার আহ্বান জানিয়ে ইদ্রিস হাসান বলেন, দলের প্রতি আনুগত্য শুধু মুখের কথায় নয়; দলের সিদ্ধান্ত, নেতৃত্ব ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান দেখানোর মাধ্যমেই তা প্রমাণিত হয়।

তিনি অভিযোগ করেন, যারা তার বিরুদ্ধে আওয়ামী লীগের তকমা দেওয়ার চেষ্টা করছেন, তাদের নিজেদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়েও সিদ্ধিরগঞ্জের মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার উদ্দেশ্য তার নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইদ্রিস হাসান বলেন, তার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে প্রমাণসহ তা প্রকাশ্যে উপস্থাপন করা হোক। প্রমাণের ভিত্তিতে যেকোনো প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত রয়েছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো একটি পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া উচিত। একজন মানুষের রাজনৈতিক ও সামাজিক সম্মান নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

পরিশেষে নিজের বিরুদ্ধে করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে ইদ্রিস হাসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত স্বার্থ কিংবা দলীয় পরিচয় ব্যবহার করে একজন জাতীয়তাবাদী কর্মীকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। সত্য শেষ পর্যন্ত প্রকাশিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য