পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের আইনে একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি আত্মসমর্পণ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে কারাগারে যেতে হবে।
সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি কী বক্তব্য দিলেন, সেটি বাংলাদেশ সরকারের বিবেচনার বিষয় নয়। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আইনে দণ্ডিত ব্যক্তি এবং তাঁর বিষয়ে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেকোনো আসামি আত্মসমর্পণ করলে বিদ্যমান আইন অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তিনি যেভাবেই বা যার কাছেই আত্মসমর্পণ করুন না কেন, বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করলে তাঁকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে কারাগারে যেতে হবে।
ভারতের সঙ্গে শেখ হাসিনার বিষয়ে কোনো আলোচনা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক সংলাপে বিষয়টি নিয়মিত আলোচনায় আসে। এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।