বৈষম্যবিরোধী আন্দোলন ও শিক্ষার্থী নেতাদের ওপর হামলা এবং এসব ঘটনার বিচারপ্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে মামলা ও অভিযোগ দায়ের করা হলেও আইনি প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ স্পষ্ট প্রমাণ থাকার পরও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, দেশে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "এতটুকুই বলব, প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব, আমরা আর কিছু বলব না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিছুই চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।"
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরেরও নিন্দা জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আগেই অবহিত করা হয়েছিল এবং নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছিল। এরপরও এ ধরনের হামলা হয়েছে, যা গণতান্ত্রিক সংস্কার ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান বাধাগ্রস্ত করার অপচেষ্টা।
তিনি বলেন, ভয়ভীতি ও হামলার মুখেও বৈষম্যবিরোধী ১১ দল, ছাত্র-জনতা এবং অন্যান্য গণতান্ত্রিক ও সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।