আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

বিভাগ: জাতীয় রিপোর্টার: অনলাইন ডেস্ক 13 Jul 2026, 06:18 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী


আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের সবুজায়ন বাড়াতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় এখনো পর্যাপ্ত গাছ নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো বড় করে তোলা এবং নিয়মিত পরিচর্যার বিষয়েও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। বর্তমান সরকার সেই উদ্যোগকে নতুনভাবে বাস্তবায়ন করছে। এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে।

দেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে, একদিনের সফরে সোমবার সকালে বরিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৬টার পর রাজধানীর গুলশানে তাঁর বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি বরিশালে পৌঁছান।

সফরের অংশ হিসেবে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য