জুলাই সনদ ও তিস্তা ব্যারেজ বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ সমর্থন জানাতে উপস্থিত থাকবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে বলে দাবি করেন জামায়াতের এই নেতা।
কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের উসকানি এড়িয়ে চলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে।
লংমার্চের কারণে সড়কে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হতে পারে উল্লেখ করে তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেন।
একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সহযোগিতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।